সন্তানকে বাঁচাতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় মায়ের মৃত্যু
নিহতের স্বামীর আহাজারি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ২২:৪৮
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া দুই বছরের শিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন মা তারিন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারিন (২৮) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের কম্পিউটার অপারেটর ছিলেন। দুর্ঘটনায় আহত সন্তান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবারের ছুটির দিনে স্বামী ও শিশু সন্তানকে নিয়ে ভাটিয়ারী গাল্ফ ক্লাব এলাকায় ঘুরতে গিয়েছিলেন তারিন। রাতের দিকে মোটরসাইকেলে করে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় ফিরছিলেন তারা। পথে বিএমএ গেট এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত মোটরসাইকেল থেকে শিশুটি সড়কে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে দ্রুত মোটরসাইকেল থেকে নেমে ছুটে যান মা তারিন। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটিও গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে মা ও শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে। আহত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
