ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

আজ চাঁদপুর আসছেন প্রধানমন্ত্রী, নানা দাবি উপস্থাপন হতে পারে

আজ চাঁদপুর আসছেন প্রধানমন্ত্রী, নানা দাবি উপস্থাপন হতে পারে
×

তারেক রহমান

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০২:৪৩

আজ শনিবার চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে সফরের যাত্রা শুরু করবেন তিনি। পরে সদর উপজেলার ঘোষেরহাটে বিশ্বখাল পুনঃখনন, বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং সবশেষ চাঁদপুর ক্লাবে দলের নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর এই নির্ধারিত কর্মসূচির মধ্যেই চাঁদপুরবাসীর পক্ষ থেকে নানা দাবি উপস্থাপন করা হতে পারে। দাবিগুলো তুলে ধরবেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) থেকে নির্বাচিত সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এবং অন্যান্য সংসদ সদস্যরা। 

তারা জানিয়েছেন, এর মধ্যে থাকবে চাঁদপুরে ইপিজেড নির্মাণ, চাঁদপুর মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে দ্রুত পদক্ষেপ। নদীভাঙন থেকে রক্ষায় মতলবের ষাটনল থেকে হাইমচর পর্যন্ত ৬০ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ; হাইমচরের অর্থনৈতিক জোনটির কাজ দ্রুতকরন, ইলিশের জন্য একটি স্বতন্ত্র ইলিশ গবেষণাকেন্দ্র, পদ্মা মেঘনা ডাকাতিয়ার নদীকে ঘিরে সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র গড়ে তোলা, আরও একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, চাঁদপুর টু কক্সবাজার স্পেশাল ট্রেন সার্ভিস চালু, সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ চালুকরণ এবং চাঁদপুর-লাকসাম-চট্টগ্রাম পথে আরও এক জোড়া আন্তঃনগর এবং চাঁদপুর-লাকসামের মধ্যে লোকাল ট্টেন, চাঁদপুর-কুমিল্লা এবং চাঁদপুর-শ্রী রায়েরচর-দাউদকান্দি সড়ক চার লেনে উন্নীতকরণ। এছাড়া চাঁদপুর স্টেডিয়ামকে জাতীয় মানে উন্নীত করা, চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণ, আধুনিকমানের একটি অডিটোরিয়াম নির্মাণ।

চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য দু’টি এবং সরকারি মহিলা কলেজের জন্য দু’টি বাস প্রদান, চাঁদপুর লঞ্চঘাট থেকে বাবুরহাট পর্যন্ত চারলেনের একটি বাইপাস সড়ক নির্মাণ। এছাড়া ঢাকা-চাঁদপুর রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু করেন ইত্যাদি। 

এছাড়া চাঁদপুরের ফরিদগঞ্জ, শাহরাস্তি, কচুয়া এবং হাজীগঞ্জবাসীর পক্ষেও প্রধানমন্ত্রীর কাছে নানা দাবি উপস্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি এ বিষয়ে জানান, আমাদের জেলায় অনেক দাবি বা সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াকিবহাল আছেন।

আরও পড়ুন

×