ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
×

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল শিশু দুটির বাড়িতে যায়। ছবি: ভিডিও থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক ও সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০৫:০০

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের এতিম দুই শিশু রায়হান ও রোহানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার প্রধানমন্ত্রীর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিশু দুটির বাড়িতে যায়।

এ সময় তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাসনের বিষয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়ার কথা জানান। একই সঙ্গে শিশু দুটির লেখাপড়ার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এককালীন শিক্ষা সহায়তা ও মাসিক শিক্ষা বৃত্তির ঘোষণাও দেওয়া হয়।

জানা গেছে, ‘বাবা মারা গেছেন ছোটবেলায়, চার মাস আগে হারিয়েছে মাকেও; নানির অন্যের বাড়িতে কাজের টাকায় কোনোরকমে চলছে এতিম দুই শিশুর জীবন’– শীর্ষক একটি প্রতিবেদন সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে শিশু দুটির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তিনি।

এ সময় শিশু দুটির বাড়িতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন

×