ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাকৃবিতে এক রাতে দুই হলে চুরি

বাকৃবিতে এক রাতে দুই হলে চুরি
×

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৪:১৭ | আপডেট: ১৬ মে ২০২৬ | ১৫:০৩

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুটি আবাসিক হলে এক রাতের ব্যবধানে পৃথক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। গত শুক্রবার (১৫ মে) রাতে কৃষিকন্যা হলের খ ব্লকের ১৩ নম্বর কক্ষে সিলিং ভেঙে চুরির ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, চোর সিলিংয়ের পথ দিয়ে কক্ষে প্রবেশ করে নগদ প্রায় ৪ হাজার টাকা, আইডি কার্ডসহ দুটি ব্যাগ নিয়ে যায়।

এর পরদিন শনিবার (১৬ মে) দিবাগত রাতে সোহরাওয়ার্দী হলের ডি ব্লকের চারতলার ৪৪০ ও ৪৪১ নম্বর কক্ষেও চুরির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, চোর জানালার  শিক কেটে কক্ষে প্রবেশ করে মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা নিয়ে যায়।

এক শিক্ষার্থী জানান, রিডিং রুম থেকে ফিরে দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান এবং জানালা দিয়ে চোরকে দেখতে পান। পরে চিৎকার করলে চোর সিলিং দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় হলের নারী শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ঈদের ছুটিতে অনেক কক্ষ ফাঁকা থাকায় সুযোগ নিয়েছে চোরেরা। একইসঙ্গে চারতলায় উঠে জানালার শিক কেটে চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

তারা ক্যাম্পাসে উচ্চ রেজুলেশনের সিসিটিভি স্থাপন, নিরাপত্তা জোরদার এবং নিয়মিত নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন।

সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্লা জানান, ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার কোনো অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে কৃষিকন্যা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, জনবল সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হচ্ছে, তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বলেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ চলছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এদিকে ভারপ্রাপ্ত প্রক্টর ড. কাজী ফরহাদ কাদির জানান, হলগুলোর নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×