ঝিনাইদহ ও শৈলকূপায় বজ্রপাতে নারীসহ নিহত ২, আহত ৪
ঝিনাইদহ ও শৈলকূপা প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ২২:৩৫
ঝিনাইদহ সদর ও শৈলকূপা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর গ্রামের নিহত কৃষক আসাদুল ইসলাম (৪৫) এবং শৈলকূপা উপজেলার দামুকদিয়া পূর্বপাড়া গ্রামের গৃহবধূ আন্না খাতুন (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে মায়াধরপুর গ্রামের মাঠে ধান কাটা শেষে বাড়ি ফিরছিলেন আসাদুল ইসলাম। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। সঙ্গে থাকা আরও একজন কৃষক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর কৃষক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত আসাদুল ইসলাম ফরিদপুরের কানাইপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।
এদিকে একই সময়ে সদর উপজেলার গোবিন্দপুর, জাদুড়িয়া ও দোগাছি গ্রামে বজ্রপাতে বাড়িতে কাজ করার সময় তিন নারী আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যদিকে শৈলকূপা উপজেলার দামুকদিয়া পূর্বপাড়া গ্রামে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হন গৃহবধূ আন্না খাতুন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিহা তাহসিন বলেন, ‘হাসপাতালে পৌছানোর আগেই একজনের মৃত্যু হয়েছে। আহত বাকিদের চিকিৎসা দেয়া হয়েছে। তারা শারীরিকভাবে সংক্রামুক্ত।’
