আনোয়ারায় জাহাজে থাই নাবিককে ছুরিকাঘাতে হত্যা, সহকর্মী গ্রেপ্তার
গ্রেপ্তার থাই নাগরিক তুরাকর্ন বুরুসিক। ছবি-সমকাল
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬ | ২২:২৪
চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরের বহির্নোঙরে থাকা একটি জাহাজে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে রাফিফং কালাহান (৩০) নামের এক থাই নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত তাঁরই সহকর্মী তুরাকর্ন বুরুসিককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিও থাইল্যান্ডের নাগরিক।
মঙ্গলবার রাত ৮টার দিকে ‘এমটিকেপিপি-০১’ নামক জাহাজে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাফিফং ওই জাহাজের ক্রু সদস্য ছিলেন। তাঁর বাবার নাম সানইয়াপং কালাহান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনোয়ারার চার্লি অ্যানকর পয়েন্টে নোঙর করা জাহাজটিতে মঙ্গলবার রাতে দুই থাই ক্রুর মধ্যে কথা-কাটাকাটি হয়। বিতণ্ডার একপর্যায়ে তুরাকর্ন বুরুসিক ক্ষিপ্ত হয়ে সহকর্মী রাফিফংকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে শিপিং এজেন্ট মো. সোহেল উদ্দিন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর বুধবার (২০ মে) দুপুরে ওই জাহাজে অভিযান চালিয়ে অভিযুক্ত তুরাকর্ন বুরুসিককে গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, “জাহাজের ভেতরে নিজেদের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিকে বুধবার বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
- বিষয় :
- ছুরিকাঘাত
- গ্রেপ্তার
- থাইল্যান্ড
