পেট্রোল ঢেলে বাঁশিওয়ালার দোকান পোড়াল মাদকাসক্ত
আগুনে ক্ষতিগ্রস্ত ঈশ্বরদীর বাঁশিওয়ালা রহমত আলীর দোকান সমকাল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ০৮:২৫
| প্রিন্ট সংস্করণ
ঝগড়া করতে নিষেধ করায় ঈশ্বরদীর সেই বাঁশিওয়ালার দোকান পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে এক মাদকাসক্ত। গতকাল শনিবার দুপুরে ঈশ্বরদীর দাশুড়িয়া রেলওয়ে স্টেশনের পাশে বাঁশিওয়ালা রহমত আলীর দোকানে আগুন দেয় মাদকাসক্ত মো. রতন। স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলার আগেই কিছু মালপত্রসহ দোকানের আংশিক পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে রহমত আলীর দোকানের সামনে মাদক সেবন নিয়ে রতন তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিল। এ সময় দোকানের সামনে এভাবে ঝগড়া করতে রহমত আলী তাকে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় রতন। গতকাল দুপুরে এসে দোকানে আগুন ধরিয়ে দেয় সে। ক্ষুব্ধ এলাকাবাসী রতনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
৮০ বছর বয়সী রহমত আলী ঈশ্বরদীর পথে পথে বাঁশি বাজিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার কষ্ট দেখে সমকাল সুহৃদ সদস্যরা দাশুড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে একটি দোকান তৈরি করে মালপত্র কিনে সাজিয়ে দেন। সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সভাপতি আর কে বাবু ও সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ বলেন, দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
- বিষয় :
- আগুন
