ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মোবাইল ফোন ছেড়ে মাঠে ফেরার আহ্বান আইজিপির

মোবাইল ফোন ছেড়ে মাঠে ফেরার আহ্বান আইজিপির
×

বগুড়ার ৪ এপিবিএন মাঠে আর্মড ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৯:২১

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন বলেছেন, নতুন প্রজন্ম মাঠে না গিয়ে সার্বক্ষণিক মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। এতে তারা শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। সুস্থ সমাজ ও জাতি গঠনে তরুণদের খেলাধুলার মধ্যে ফিরে আসতে হবে।

আজ রোববার বগুড়ার ৪ এপিবিএন মাঠে আর্মড ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, ‘ছোটবেলায় স্কুল ছুটির পর আমরা মাঠে খেলাধুলা করতাম এবং মাগরিবের আগেই বাসায় ফিরতাম। তখন খারাপ কাজে জড়িয়ে পড়ার সুযোগ বা মানসিকতা ছিল না। কিন্তু এখনকার শিশু-কিশোররা মাঠে যায় না, মোবাইলেই ব্যস্ত থাকে।’

তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ইকোনমিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর প্রায় ৫০ লাখ শিশুর চোখ ক্ষতিগ্রস্ত হচ্ছে অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে। তাই নতুন প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনতে হবে।’ 

আইজিপি আরও বলেন, ‘একটি সুন্দর সমাজ ও শক্তিশালী জাতি গঠনের জন্য সুস্থ নাগরিক প্রয়োজন। এ কারণে সরকার খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে এবং ক্রীড়া খাতে বিভিন্ন ভাতা ও সহায়তা প্রদান করছে।’

বাংলাদেশ পুলিশের প্রধান বলেন, দেশের তরুণদের মাদক, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এগিয়ে আসতে হবে। আমাদের দুর্দমনীয় তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে। পুরোনো অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের শক্তির সমন্বয় করেই দেশকে এগিয়ে নিতে হবে।’

৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. শহীদ আবু সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার অধ্যক্ষ (অতিরিক্ত ডিআইজি) জিএম আজিজুর রহমান এবং এপিবিএন সদরদপ্তরের ডিআইজি (প্রশাসন) মো. সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবা হক।

আরও পড়ুন

×