ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত দুই শতাধিক

কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত দুই শতাধিক
×

ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৯ মে ২০২৬ | ০৯:৫৫

পবিত্র ঈদুল আজহার দিন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। এছাড়া গরু ও মহিষের লাথি কিংবা ধাক্কায়ও অনেকে আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন— তাজুল (৫৮), জাবেদ (১৮), হানিফ (২২), নওশাদ (২৫), মাশেক (২৫), সোহাগ (৪০), জিতনি (১৮), খায়ের (৩৫), আলভী (১২), বিশাল (২০) ও জাহাঙ্গীর (৪২) সহ আরও অনেকে। তাদের কারও হাত, আবার কারও পায়ে একাধিক সেলাই দিতে হয়েছে।

জানা গেছে, কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় অসাবধানতাবশত ছুরি, দা, চাপাতিসহ ধারালো অস্ত্রের আঘাতে অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে। এছাড়া গরু বা মহিষের লাথি ও ধাক্কায়ও অনেকে আহত হয়েছেন। অনভিজ্ঞ ব্যক্তিরা অসতর্কভাবে মাংস কাটতে গিয়ে এসব দুর্ঘটনার শিকার হয়েছেন। 

ভাদুঘর এলাকার হানিফ মিয়া জানান, সকালে কোরবানির পশু কাটার সময় অসাবধানতাবশত তার হাতে ছুরির আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

জেলা শহরের কাজীপাড়ার বাসিন্দা সোহাগ মিয়া বলেন, মাংস কাটার সময় পায়ের নিচে রাখা ছুরিতে হঠাৎ আঘাত লাগে। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে যায়। পায়ে কয়েকটি সেলাই দিতে হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শুভ্র রায় দীপংকর ঘোষ বলেন, ‘সকাল থেকেই জরুরি বিভাগে আহত রোগীদের চাপ ছিল। কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় অসাবধানতার কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে।’

আরও পড়ুন

×