ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাগেরহাটে শিশুকে টেনে নিয়ে গেছে মাজার দিঘির কুমির

বাগেরহাটে শিশুকে  টেনে নিয়ে গেছে  মাজার দিঘির কুমির
×

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০৮:০৫

| প্রিন্ট সংস্করণ

বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারের দিঘিতে গোসল করতে নামলে ফাতেমা (৭) নামের এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির। গতকাল সোমবার  রাত সাড়ে ৮টার দিকে দিঘির মহিলা ঘাটে এ ঘটনা ঘটে। 

ফাতেমা ঘাট এলাকায় বসবাসরত এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। সে মায়ের সঙ্গে মাজারেই থাকত। ঘটনার সময় তার চিৎকারে মাজারে থাকা স্থানীয়রা ইট মেরে ও দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করে। তবে কুমিরটি শিশুটিকে দ্রুত ভিতরে নিয়ে যায়। এ সময় তিনবার তাকে বিভিন্ন স্থানে দেখা গেলেও এরপর থেকে নিখোঁজ রয়েছে। এরপর থেকে স্থানীয় স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সদস্যরা উদ্ধারের চেষ্টা করছেন। এ ছাড়া নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

বিনা বেগম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, শিশুটি মহিলা ঘাটে গোসল করতে নেমেছিল। আমি পাশেই আমার দোকানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে বের হয়ে এসে দেখি কুমির ফাতেমাকে টেনে নিয়ে যাচ্ছে। সে দুইবার হাত উঁচু করেছিল। পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

মাজারের খাদেম ফকির তরিকুল ইসলাম বলেন, গোসলের জন্য সে নেমেছিল। তাকে হঠাৎ কুমির আক্রমণ করে কয়েক সেকেন্ডের মধ্যে গভীর পানিতে টেনে নিয়ে যায়। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরা সে বিষয়ে আলোচনা করছি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. বেল্লাল হোসেন বলেন, অভিযান চলমান রয়েছে। স্থানীয় লোক, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসক, পুলিশ উদ্ধারকাজ পরিচালনা করছে। 
ঘটনার সংবাদ পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। 
 

আরও পড়ুন

×