সীমান্ত রক্ষায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর
যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শনকালে নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সমকাল
যশোর অফিস
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৬:০৯
সীমান্ত রক্ষা ও কথিত ‘পুশইন’ প্রতিরোধে দলমত নির্বিশেষে সবাইকে বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধভাবে সীমান্ত পাহারায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার দুপুরে যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্ত এলাকার মানুষ নিজেদের নিরাপত্তাহীন মনে করছেন। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সাম্প্রতিক সময়ে সীমান্তে চোরাচালান ও হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সীমান্তে গরু চোরাচালানের সঙ্গে বাংলাদেশিদের সম্পৃক্ততার অভিযোগ সঠিক নয়। তার দাবি, চোরাচালানের বেশিরভাগ কর্মকাণ্ড ভারতীয় অংশ থেকেই পরিচালিত হয়।
সাদিপুর সীমান্তে কথিত পুশইন চেষ্টার প্রতিবাদে নাসীরুদ্দীন পাটওয়ারী এদিন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তার বহরের একটি মাইক্রোবাস চলতে শুরু করলে কয়েকজন যুবক গাড়ির দিকে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্লোগান দেয়। পরে গাড়িবহর দ্রুত এলাকা ত্যাগ করে।
তবে যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেন বলেন, এনসিপি নেতার বহরে হামলা বা কেউ আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। পুলিশ তাদের কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও আইনি সহায়তা দিয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনও বলেন, এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণ পরিবেশেই কর্মসূচি শেষ হয়েছে।
- বিষয় :
- বিজিবি
- এনসিপি
- নাসীরুদ্দীন পাটওয়ারী
