ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কুমিল্লার মুরাদনগর

শিক্ষার্থীদের ওয়াশ ব্লক ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ

শিক্ষার্থীদের ওয়াশ ব্লক ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ
×

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ০৮:২৮

| প্রিন্ট সংস্করণ

মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের নহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা আবেদীনের বরুদ্ধে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহার করতে না দেওয়ার অভিযোগ উঠেছে।
শিশু শ্রেণির শিক্ষার্থী জুনাঈদ ইসলামের মা জাহানারা বেগম জানান, কয়েক দিন আগে তিনি বিদ্যালয়ে থাকা অবস্থায় তাঁর ছেলে টয়লেটে যাওয়ার প্রয়োজন অনুভব করে। তখন প্রধান শিক্ষক শরীফা আবেদীনের কাছে ওয়াশ ব্লকের চাবি চান তিনি। চাবি না দিয়ে সন্তানকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন প্রধান শিক্ষক। তিনি জানান, বাড়ি অনেক দূরে হওয়ায় পথেই শিশুটি অসুস্থ বোধ করলে বাধ্য হয়ে রাস্তার পাশে তাকে টয়লেট করাতে হয়েছে।

বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ছয় কক্ষের একটি ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের জন্য নির্মিত এ ওয়াশ ব্লক রাখা হয় তালাবদ্ধ। মূলত শিক্ষকরাই এটি ব্যবহার করেন। অন্যদিকে বিদ্যালয়ের পূর্ব পাশে থাকা পুরোনো টয়লেটটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই কারণে টয়লেট ব্যবহারের প্রয়োজন হলে অনেক শিক্ষার্থীকে বিদ্যালয়ের আশপাশের বাড়িতে যেতে হয়। বিশেষ করে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে বলে অভিযোগ করেন অভিভাবকরা।
শিক্ষার্থীদের ভাষ্য, ওয়াশ ব্লকটি তাদের জন্য নির্মাণ করা হলেও প্রধান শিক্ষক সেটি তালাবদ্ধ করে রাখেন। স্থানীয় শিক্ষার্থীরা কোনোভাবে নিজেদের বাড়ির টয়লেট ব্যবহার করতে পারলেও দূরের শিক্ষার্থীদের বাধ্য হয়ে আশপাশের বাড়িতে টয়লেট খুঁজতে হয়।

অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মৌলিক প্রয়োজন ও স্বাস্থ্যবিধির বিষয়টি উপেক্ষা করা হলে তা শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা আবেদীন। তিনি বলেন, নতুন ওয়াশ ব্লকের ছয়টি কক্ষের মধ্যে তিনটি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে। নিরাপত্তার স্বার্থে সেগুলো তালাবদ্ধ রাখা হয়। কোনো শিক্ষার্থীর প্রয়োজন হলে চাবি দিয়ে ব্যবহার করতে দেওয়া হয়।
মুরাদনগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান জানান, একজন প্রধান শিক্ষক ছাড়াও মানবিক দিক বিবেচনা করে ওয়াশ ব্লক ব্যবহার করতে দেওয়া উচিত। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×