ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শায়েস্তাগঞ্জজুড়ে তীব্র যানজটে দুর্ভোগ

শায়েস্তাগঞ্জজুড়ে তীব্র যানজটে দুর্ভোগ
×

 হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ০৮:৩৬

| প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলাজুড়ে প্রকট আকার ধারণ করেছে যানজট সমস্যা। সময়ের সঙ্গে এ সমস্যা আরও জটিল রূপ ধারণ করছে দাবি করে উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা।
জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এ বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্রের প্রধান সড়কগুলো এখন সারাদিনই যানবাহনের দীর্ঘ সারিতে স্থবির হয়ে থাকে। ফলে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা। 

স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর অবাধে যানবাহন পার্কিং ও ফুটপাত দখল করে দোকানপাট বসানোই এ যানজটের অন্যতম কারণ। শহরের বিভিন্ন এলাকায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা, ট্রাক এবং পিকআপ রাস্তার একাংশ দখল করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। এতে ব্যবহারযোগ্য সড়কের পরিমাণ কমে যাওয়ায় যানচলাচলে বিঘ্ন ঘটছে। কোনো কোনো স্থানে রাস্তার দুই পাশেই যানবাহন দাঁড় করিয়ে রাখায় সড়কের সেসব অংশ অচল হয়ে পড়েছে।
এ ছাড়া শহরের ফুটপাত ও রাস্তার অধিকাংশ দখল করে দোকানপাট বসানোর প্রবণতা বেড়েছে উদ্বেগজনক হারে। অনেক ব্যবসায়ী দোকানের পণ্যসামগ্রী ফুটপাত ছাড়িয়ে সড়কের ওপর সাজিয়ে রাখছেন। আবার কোথাও কোথাও অস্থায়ী দোকান বসিয়ে রাস্তার জায়গা সংকুচিত করে ফেলা হয়েছে। ফলে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে নেমে চলাচল করছেন। এতে একদিকে যেমন যানজট বাড়ছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

শায়েস্তাগঞ্জ শহরের রেলওয়ে জংশন, পুরান বাজার, নতুন ব্রিজ, ড্রাইভার বাজার, হাসপাতাল সড়ক এবং ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার কিছু পয়েন্টে সপ্তাহে প্রতিদিনই নজরে পড়ে যানজটে ভোগান্তির চিত্র। বিশেষ করে ট্রেন আসা-যাওয়ার সময় এবং অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
ভুক্তভোগীরা জানান, যানজটের কারণে প্রতিনিয়ত মূল্যবান সময় নষ্ট হচ্ছে। শিক্ষার্থীরা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না। অনেক সময় রোগীবাহী অ্যাম্বুলেন্স যানজটে আটকে থাকে। এ নিয়ে জনমনে ক্ষোভ ও উদ্বেগ তীব্র হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মামুন চৌধুরী জানান, জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ণ এবং প্রশাসনিক নজরদারির অভাবে শায়েস্তাগঞ্জে বর্তমানে যানজট স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। 
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, যানজটের বিষয়টি তাদের নজরে এসেছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×