ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আড়াইহাজারে পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা

ছিনিয়ে নেওয়া হয় ওয়াকিটকি, মোবাইল ফোন

আড়াইহাজারে পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা
×

ম্যাপ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১১:৪২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্দেহভাজন ব্যক্তিকে আটকের চেষ্টাকালে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। এ সময় পুলিশের ওয়াকিটকি, মোবাইল ফোন, ব্যাগ ও কটি (পুলিশি সরঞ্জাম) ছিনিয়ে নেয় তারা। পরে অভিযান চালিয়ে এসব উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ। 

গতকাল সোমবার বিকাল পাঁচটার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আড়াইহাজার থানার এএসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল বালিয়াপাড়া বাজার এলাকায় যাওয়ার পথে দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে তাদের থামানোর চেষ্টা করে। এ সময় ওই দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাদের আটক করতে গেলে এলাকার মাদক কারবারি আমির হোসেন ওরফে সামা ও সাহাদত হোসেনের অনুসারীরা পুলিশের কাজে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ ও মাদক কারবারিদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। 

এ সময় মাদক কারবারির লোকজন পুলিশের একটি ওয়াকিটকি, একটি মোবাইল ফোন, একটি ব্যাগ এবং ব্যাগে থাকা আরও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছে পুলিশ। হামলাকারীদের হাত থেকে বাঁচতে পুলিশ পার্শ্ববর্তী খেলার মাঠে গিয়েও আশ্রয় নেয়। পরে খেলোয়াড়রা পুলিশদের আশ্রয় দিলে মাদক কারবারিরা পিছু হটে। 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। অভিযানে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি, একটি মোবাইল ফোন ও একটি কটি উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রেতাদের সহযোগী দুই নারীকে আটক করা হয়। 

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। 

আরও পড়ুন

×