চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত
নৌকাযোগে নারীকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করে দিল বিজিবি
রোকনপুর সীমান্ত এলাকার চিত্র। ছবি: সমকাল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১২:১৩
নৌকাযোগে ৩ দিনের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে আবারও এক নারীকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় ওই মহিলাকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ।
সোমবার দিবাগত গভীর রাতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২৫/৩-আর এর পাশ দিয়ে এ চেষ্টা চালানো হয়। ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফ-এর আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা এক মাঝির সহায়তায় নৌকাযোগে ওই মহিলাকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।
বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম।
তিনি বলেন, বিজিবি টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে পুশইন প্রতিহত করা হয়। এ সময় উক্ত মহিলা সীমান্তের শূন্য লাইন বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
এর আগে একই সীমান্ত দিয়ে বিএসএফ গত ১৩ জুন ভোরে ১৫ জনকে পুশইনের চেষ্টা করলে সে চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি সদস্যরা। পরে তাদের ফিরিয়ে নিয়ে চলে যায় বিএসএফ।
- বিষয় :
- পুশইন
- বাংলাদেশ-ভারত
- সীমান্ত
