ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

থানার সামনেই বাদীকে পেটাল প্রতিপক্ষ

থানার সামনেই বাদীকে পেটাল প্রতিপক্ষ
×

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ০৭:১৩

মারধরের ঘটনায় থানায় অভিযোগ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন শাহ আলম নামে একজন। গতকাল বুধবার দুপুরে কুমিল্লার তিতাস থানার ফটকের সামনে এ ঘটনা ঘটে। হামলার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

আহত শাহ আলমকে (৪৩) উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় রুবেল ও ফাহিম নামে আরও দুজন আহত হয়েছেন। আটক তিনজন হলেন– তাহের আলী, ফাহিম ও সাগর।

জানা গেছে, আহত শাহ আলমের সঙ্গে তাঁর বড় ভাই কামাল হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যা নিয়ে এক সপ্তাহ আগে শাহ আলমকে মারধর করেন কামাল হোসেনের ছেলে তাহের আলী ও সাগর মিয়া। এ ঘটনায় শাহ আলম তিতাস থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলে জিডি তুলে নেন শাহ আলম।

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে কামাল হোসেনের মেয়ের জামাই রুবেলকে মারধরের চেষ্টা করেন তাহের আলী, সাগর, ফাহিম, রিফাত ও ফারুক। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে শাহ আলমের মাথায় রড দিয়ে আঘাত করেন ভাতিজা তাহের আলী। পরে আহত শাহ আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দিয়ে শাহ আলম ও তাঁর সঙ্গে থাকা লোকজন বাড়িতে ফেরার পথে ধাওয়া করেন তাহের আলী, ফাহিম ও সাগর। তারা ভয়ে পুনরায় থানায় চলে আসেন। পিছু পিছু এসে থানার সামনে তাদের ওপর হামলা করেন অভিযুক্তরা। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারী তিনজনকে আটক করে।

শাহ আলম বলেন, ‘ভাতিজা তাহের আলী আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় রড দিয়ে আঘাত করেছে। এ ঘটনায় আমি লিখিত অভিযোগ দিতে গেলে থানার সামনে তারা মারধর করে, যা পুলিশ স্বচক্ষে দেখেছে। আমি সুষ্ঠু বিচার চাই।’

তিতাস থানার ওসি মমিরুল হক জানান, মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। থানার সামনের মারামারির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×