ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের সড়ক অবরোধ

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের সড়ক অবরোধ
×

 পাবনা অফিস

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ০৮:০১

| প্রিন্ট সংস্করণ

বেতন ও পরীক্ষার ফি বৃদ্ধি, অধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে পাবনার ইমাম গাযযালী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। একই সঙ্গে তারা অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।

গতকাল বুধবার দুপুরে পাবনা পৌর এলাকার অনন্ত বাজারে প্রতিষ্ঠানটির সামনে ঢাকা-পাবনা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, নানা অজুহাতে নিয়মিত বেতন ও পরীক্ষার ফি বাড়ানো হচ্ছে। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। তাদের দাবি, প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নির্দিষ্টভাবে শুধু সাদা পোশাক পরতে বাধ্য করা হচ্ছে, যা নিয়েও তাদের মধ্যে অসন্তোষ রয়েছে।
শিক্ষার্থীদের আরও অভিযোগ, বেতন ও পরীক্ষার ফি কমানোর দাবি জানাতে গেলে অধ্যক্ষ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে অবমাননাকর মন্তব্যও করা হয় বলে তারা দাবি করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলনে নামেন।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন অভিভাবক বলেন, দীর্ঘদিন অধ্যক্ষের একক কর্তৃত্ব, রূঢ় আচরণ ও সিদ্ধান্ত গ্রহণের ধরন নিয়ে নানা অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ সামনে আসার পর তারা প্রতিবাদে শামিল হয়েছেন। প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ও সুনাম রক্ষার স্বার্থে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন তারা।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ট্রাস্টি বোর্ড পরিচালিত এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ আদায় করা হলেও শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ কমানোর উদ্যোগ দেখা যায় না। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের স্বচ্ছ ব্যাখ্যাও তারা চান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুরাইয়া সুলতানা। তিনি বলেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের ভিখারি বলা হয়েছে– এ অভিযোগ সঠিক নয়। কেন তারা বিক্ষোভ করছেন, তা আমার জানা নেই। তাদের কোনো দাবি থাকলে লিখিতভাবে জানাতে পারে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সমকাল প্রতিবেদককে বলেন, বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, শিক্ষার্থী 
ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

আরও পড়ুন

×