উন্নয়ন প্রকল্পের নামফলকে নিজের নাম না রাখার নির্দেশ এমপির
বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য মো. মমিনুল হক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০০:২৬
সরকারি উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে নিজের নাম না রাখার নির্দেশ দিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক। তিনি বলেন, আজ এই মুহূর্ত থেকে সরকারি উন্নয়নমূলক যেকোনো প্রকল্পের নামফলকে আমার নাম থাকবে না এবং এটি আমার নির্দেশ।
এমপি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় করা কাজে আমার নাম থাকবে কেন? এটা হতে পারে না।
গতকাল শুক্রবার সকালে হাজীগঞ্জের বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরেজমিনে দেখা গেছে, তিনি যেটি উদ্বোধন করছিলেন, সেটির উদ্বোধনী ফলকে তার নাম ছিল না।
সংসদ সদস্য উদ্বোধনী অনুষ্ঠানে আরও বলেন, তিনি সংসদ সদস্য থাকাকালীন যেসব ফলকে তার নাম দেখতে পাবেন, সেগুলো তিনি উদ্বোধন করবেন না। এর আগে তিনি তার পুলিশি প্রটোকলও বাতিল করেছেন বলে জানান।
উদ্বোধন উপলক্ষে কলেজ হলরুমে আয়োজিত সভায় বক্তব্য দেন—চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিম, কলেজ গভর্নিং বডির সভাপতি তালুকদার আব্দুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন এবং অধ্যক্ষ মোশারফ হোসেনসহ অন্যান্যরা।
- বিষয় :
- চাঁদপুর
