কুষ্টিয়া বাইপাসে পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১২:২৯ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১২:৩০
কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার আনিস (৩৫) ও হেলপার রতন (৩৫) নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে শহরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায় এবং হেলপার রতনের বাড়ি কুষ্টিয়ার মিনাপাড়ায়।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলি জানান, সোনা মসজিদ থেকে পাথর বোঝাই করে নিয়ে ট্রাকটি খুলনা যাচ্ছিল। আজ শনিবার সকালে কুষ্টিয়া বাইপাস রোড এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে পড়ে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়।
ওসি আরও জানান, স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করে। হেলপার রতন পাথরের নিচে চাপা পড়া অবস্থায় রয়েছে। তার মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।
- বিষয় :
- কুষ্টিয়া
