ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

যুবদল নেতাকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

যুবদল নেতাকে কুপিয়ে ৩ লাখ  টাকা ছিনতাইয়ের অভিযোগ
×

জামালপুর প্রতিনিধি 

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ০৮:২৪

| প্রিন্ট সংস্করণ

জামালপুরে আল-আমিন নামে যুবদল নেতার ওপর হামলা করেছে মাদক কারবারিরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালে মেষ্টা ফুলারপাড়া জলমহাল এলাকায় এই ঘটনা ঘটে।

আহত আল-আমিন সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক। তিনি ফুলারপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য।
জানা গেছে, যুবদল নেতা আল-আমিন ফুলারপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির মাধ্যমে জামালপুর জেলা প্রশাসনের কাছ থেকে একটি জলমহাল ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। জলমহাল ইজারা পাওয়ার পর থেকেই এলাকার মাদক কারবারি হারুনের নেতৃত্বে তাঁর সাঙ্গোপাঙ্গরা জলমহালটি দখলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। গতকাল বুধবার সকালে হারুনের নেতৃত্বে মানিক, ইমরান, জাবু মিয়া, মাসুদ, রাজু ও কাশেমসহ ৮-১০ জনের একটি দল জলমহালে এসে আল-আমীনের ওপর হামলা চালায়। এ সময় আল-আমিনের কাছে থাকা মাছ বিক্রির প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তারা আল-আমীনকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। পরে তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
ফুলারপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মানছুর ইসলাম বলেন, সরকারের কাছ থেকে নিয়ম মেনে জলমহাল ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন তারা। কিন্তু এলাকার কিছু চিহ্নিত মাদকসেবী প্রতিদিন নেশার টাকা দাবি করে আসছিলেন। টাকা দিতে রাজি না হওয়ায় তারা সমিতির সদস্যদের প্রণনাশের হুমকি দেন। একপর্যায়ে আল-আমিনের ওপর হামলা করে। এ বিষয়ে জামালপুর থানায় অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্তরা। বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
জামালপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
 

আরও পড়ুন

×