ভাতিজিকে ধর্ষণের দায়ে চাচার মৃত্যুদণ্ড
রায় ঘোষণার পর আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়। ছবি: সংগৃহীত
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৭:৩৫ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ১৭:৩৬
বরিশালে কিশোরী ভাতিজিকে ধর্ষণের দায়ে চাচা আলমগীর সিকদারক (৫৫) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বরিশাল শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক মো. আশরাফ উদ্দিন এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলমগীর উজিরপুরের আব্দুর রশিদ সিকদারের ছেলে। রায় ঘোষণার সময়ে আসামি আলমগীর আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের নাজির কামরুল ইসলাম মামলার তথ্যের বরাত দিয়ে জানান, দণ্ডিত আলমগীর ধর্ষণের শিকার কিশোরীর বাবার মামাতো ভাই। ঘটনার শিকার কিশোরী তখন মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল। জীবিকার প্রয়োজনে কিশোরীর বাবা প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। কিশোরীকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে প্রায়ই ধর্ষণ করতেন আলমগীর। এতে কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়।
অন্তঃসত্ত্বা অবস্থায়ও সবশেষ ২০২৩ সালের ২২ মার্চ বাড়ির পেছনে একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন আলমগীর। পরে কিশোরী বিষয়টি তার মাকে জানালে উজিরপুর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত আলমগীরকে গ্রেপ্তার করে। পুলিশের দেওয়া অভিযোগপত্র এবং আলামত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আলমগীরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
- বিষয় :
- বরিশাল
- ধর্ষণ
- ধর্ষণ মামলা
