ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের নেওয়া হলো গাছ নিতে

পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের নেওয়া হলো গাছ নিতে
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৮:৪১

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অর্ধবার্ষিক পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের গাছ বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সোনারগাঁ মিনি স্টেডিয়ামে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁর ইউএনও আসিফ আল জিনাত।

কয়েকজন অভিভাবক জানান, গতকালের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করে শিক্ষার্থীদের জোর করে স্টেডিয়ামে নেওয়া হয়। সেখানে রোদ আর ভ্যাপসা গরমের মধ্যে ১৬টি মাধ্যমিক, প্রাথমিক ও কিন্ডারগার্টেনের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে বসিয়ে রাখা হয়। গরমে অতিষ্ঠ হয়ে কেউ কেউ চলে যেতে চাইলেও বাধা দেওয়া হয়। মাঠে শিক্ষার্থীদের ছায়ার জন্য কোনো শামিয়ানার ব্যবস্থা ছিল না। তবে এ অনুষ্ঠানে কোনো মাদ্রাসার শিক্ষার্থীকে আনা হয়নি। 
আব্দুর রহিম নামে এক অভিভাবক বলেন, উপজেলা প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে তামাশা করছে। পরীক্ষা স্থগিত করে এমপির অনুষ্ঠানে যেতে বাধ্য করেছে।
সোনারগাঁ গঙ্গাবাসী রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন বলেন, ইউএনও সাহেবের চিঠি পেয়ে আমরা বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিত করেছি। সকাল ৯টা থেকে ব্যবহারিক পরীক্ষা নিয়ে ১০টায় অনুষ্ঠানে গিয়েছি। আমরা এক হাজার শিক্ষার্থী নিয়ে গিয়েছি।  

এ বিষয়ে সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাত জানান, ২৬ জুলাই পর্যন্ত সোনারগাঁয়ের স্কুলগুলোয় পরীক্ষা চলবে। পরীক্ষা শেষ করে গাছ লাগানোর জন্য যদি অপেক্ষা করি, তাহলে এ মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। যেহেতু এ মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ গাছ লাগানোর ভালো সময়, সে কারণে পরীক্ষার শিডিউল কিছুটা পরিবর্তন করে গাছ বিতরণের আয়োজনটি করেছি। কোনো পরীক্ষা স্থগিত করা হয়নি। সময়ের অদল-বদল করা হয়েছে। এটি যেহেতু বোর্ডের কোনো পরীক্ষা না, সেহেতু গাছ বিতরণ অনুষ্ঠানের কারণে কোনো অসুবিধা হবে না। অনুষ্ঠান আয়োজন না করে স্কুলে গাছ পৌঁছে দেওয়া যেত কিনা– এমন প্রশ্নে তিনি বলেন, সোনারগাঁয়ের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ৫৩ হাজার। আজ বিতরণ করেছি ১৯ হাজার ৪৩২টি। বাকিগুলো আমরা স্কুলে স্কুলে পৌঁছে দেব। 
নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, এ অনুষ্ঠানের আয়োজন আমি করেছি। সব খরচ আমার। প্রতিবছর ২০ হাজার গাছ বিতরণ করব। এ উপলক্ষে পরীক্ষা ২ ঘণ্টা এগিয়ে ৮টা থেকে শুরু করা হয়েছে। ১২টায় অনুষ্ঠান শুরু হয়েছে। ফলে কোনো প্রতিষ্ঠানে কোনো পরীক্ষা স্থগিত করতে হয়নি। অনুষ্ঠানে ডিসি-এসপি ছিলেন। তারা কি বিষয়টি বোঝেন না?
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, বিষয়টি আমরা খোঁজ নিয়েছি। এ আয়োজনের জন্য কোনো পরীক্ষা স্থগিত হয়নি। রি-শিডিউল হয়েছে। এটিই যেহেতু গাছ লাগানোর উপযুক্ত সময়, তাই দেরি না করে কাজটি করা হয়েছে। 
 

আরও পড়ুন

×