ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বন্যাকবলিত এলাকায় বিমান বাহিনীর মানবিক সহায়তা, উদ্ধার অভিযানে প্রস্তুত হেলিকপ্টার

বন্যাকবলিত এলাকায় বিমান বাহিনীর মানবিক সহায়তা, উদ্ধার অভিযানে প্রস্তুত হেলিকপ্টার
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ২১:২৭ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ২২:৩১

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বন্যাদুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে বাহিনীটি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নির্দেশনায় চট্টগ্রামে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাতকানিয়া উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। এ সময় বন্যাদুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জরুরি ওষুধ পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

এদিকে, বিমান বাহিনী স্টেশন শমশেরনগর থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যাকবলিত পরিবারের মধ্যেও শুকনো ও রান্না করা খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

যেকোনো সময় উদ্ধার অভিযান পরিচালনার জন্য বিমান বাহিনীর রেসকিউ টিম ও হেলিকপ্টার সর্বদা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিমান বাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল ইতোমধ্যে সক্রিয় করা হয়েছে।

বিমান বাহিনী জানিয়েছে, দেশের জনগণের জানমাল রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় অতীতের মতো ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

আরও পড়ুন

×