আসামি গ্রেপ্তারের দাবিতে থানার সামনে মানববন্ধন
সিয়াম হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে আড়াইহাজার থানার সামনে মানববন্ধন সমকাল
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৭:৪৪
| প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রবাসী যুবক সিয়াম মিয়া হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে থানার সামনে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ কর্মসূচিতে নিহতের স্বজন, বন্ধুবান্ধব ও এলাকার লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধনের আগে তারা ভূলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের আড়াইহাজার পৌর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
পরে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান এবং আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন গিয়ে সিয়াম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাস দিলে কর্মসূচি শেষ হয়।
মানববন্ধনে নিহতের মা লাকী আক্তার বলেন, আমার ছেলে কোনো অপরাধ করেনি। গত বুধবার পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি একজন মা হিসেবে একটাই দাবি জানাই– আমার ছেলের খুনিদের ফাঁসি চাই। যেন আর কোনো মাকে এভাবে সন্তান হারাতে না হয়।
এদিকে, মামলার প্রধান আসামি আব্দুল মতিন ও ৭ নম্বর আসামি হিরন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, বাকিদের গ্রেপ্তারে পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আড়াইহাজারের ইউএনও আসাদুর রহমান জানান, একটি তরুণ প্রাণের এমন মর্মান্তিক মৃত্যু বেদনাদায়ক।
- বিষয় :
- মানববন্ধন