টানা বর্ষণে ৪৭ হেক্টর আমন বীজতলা তলিয়ে গেছে
সাদুল্লাপুরের জয়েনপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত বীজতলা পরীক্ষা করে দেখছেন কিষানি সমকাল
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৭:৫৮
| প্রিন্ট সংস্করণ
টানা বৃষ্টিতে সাদুল্লাপুর উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমন বীজতলা ও সবজি চাষিরা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ৪৭ হেক্টর আমন বীজতলা এবং ২৩ হেক্টর সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে আমন মৌসুমে চারা সংকট এবং সবজির দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষি বিভাগ জানায়, ১৩ জুলাই পর্যন্ত চার দিনে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত প্রায় পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। টানা বর্ষণে খাল-বিল পানিতে পূর্ণ হয়ে যায়। ঘাঘট ও নলেয়া নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, জেলার মধ্যে সাদুল্লাপুর অপেক্ষাকৃত উঁচু এলাকা হলেও এবার টানা বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে নতুন করে বৃষ্টি না হলে এবং রোদ উঠলে আমন বীজতলার ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব।
জয়েনপুর গ্রামের কৃষক মোস্তাফিজার রহমান বলেন, আকস্মিক বৃষ্টি ও বন্যায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য সরকারি প্রণোদনা বা আর্থিক সহায়তা প্রয়োজন।
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য বলেন, এখনও কোনো সরকারি সহায়তা পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে তা দ্রুত কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। পাশাপাশি কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠে থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
- বিষয় :
- কৃষক