এনসিপি নেতার ওপর দুর্বৃত্তের হামলা
প্রতীকী ছবি
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ০৫:০৭
নেত্রকোনার খালিয়াজুরীতে এনসিপির জেলা কমিটির সিনিয়র সদস্য সচিব ও খালিয়াজুরী উপজেলা কমিটির আহ্বায়ক মুশফিকুর রহমান মিন্টু দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, আগামী ২৪ জুলাই কেন্দ্রীয় নেতাকর্মীদের ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচি। এজন্য গতকাল বেলা ১১টার দিকে খালিয়াজুরী উপজেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) অফিস সংলগ্ন মাঠ পরিদর্শনে যান এনসিপি নেতা মিন্টু। এরপর উপজেলা বালুচরের মাঠে একটি রেস্তোরাঁয় যান তিনি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি বাম হাতে আঘাত পান। পরে স্থানীয় নেতাকর্মীরা তাঁকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপি নেতাকর্মীরা।
এনসিপি নেতা মুশফিকুর রহমান মিন্টু বলেন, ‘ঘটনাস্থলে আমার সঙ্গে এনসিপির আর কেউ ছিলেন না। আমি হামলাকারী কাউকে চিনতে পারি নাই।’
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, ফোন করে হামলার বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।