ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

একা কক্ষে নিচ্ছিলেন বিসিএসের প্রস্তুতি সেখানেই ঝুলন্ত লাশ

একা কক্ষে নিচ্ছিলেন বিসিএসের প্রস্তুতি  সেখানেই ঝুলন্ত লাশ
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০৮:০৫

| প্রিন্ট সংস্করণ

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসসংলগ্ন মেসের কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়। নিহত উচ্ছ্বাস কর্মকার (২৬) বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী।

উচ্ছ্বাস কর্মকার খুলনার পাইকগাছা উপজেলার হরি কর্মকারের ছেলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, উচ্ছ্বাস সাবেক ছাত্র হওয়ায় তাঁর সঙ্গে অন্য শিক্ষার্থীদের নিয়মিত যোগাযোগ ছিল না। শিক্ষাজীবন শেষ হওয়ার পর তাঁর সহপাঠীরা অনেক আগে ক্যাম্পাস ত্যাগ করেছেন। উচ্ছ্বাস একা থেকে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
জানা গেছে, উচ্ছ্বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন ভোলা-বরিশাল সড়কে ‘শশী ভিলা’ ভবনের নিচতলায় একটি কক্ষে একাই থাকতেন। কয়েকদিন ধরে কক্ষটি ভেতর থেকে আটকানো ছিল। পাশের কক্ষের শিক্ষার্থীরা ওই কক্ষ থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে দেখা যায়, উচ্ছ্বাসের মরদেহ দড়ি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। লাশ পচে দুর্গন্ধ ছড়িয়েছে। 
বরিশাল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মনে হচ্ছে কয়েকদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন গতকাল বুধবার বিকেলে বলেন, মর্গ থেকে স্বজনেরা উচ্ছ্বাসের মরদেহ নিয়ে গেছে কিনা, তা জানেন না। 
 

আরও পড়ুন

×