ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নিজ দেশে ফিরতে চান পুশইনের শিকার ভারতীয় নারী

নিজ দেশে ফিরতে চান পুশইনের শিকার ভারতীয় নারী
×

শাহিদা ফকির (৫০)

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ২০:৩০

ভারতের মুম্বাইয়ে নিজের সন্তানদের কাছে ফিরতে চান পুশইনের শিকার শাহিদা ফকির (৫০)। বিএসএফ তাকে গত মাসে মুম্বাই থেকে ধরে এনে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে। বর্তমানে তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালি গ্রামের আব্দুল মালেকের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

শাহিদার সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি ২০ বছর ধরে মুম্বাইয়ে পরিবারের সঙ্গে বসবাস করেন। বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বেড়াচাঁপা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তিনি সেই গ্রামের মো. আইনউদ্দিন গাজীর মেয়ে।

শাহিদা জানান, গত ১৯ জুলাই রাতে বাজার থেকে সবজি কিনে বাড়ি ফেরার পথে সিআইডি পরিচয়ে চার-পাঁচজন ব্যক্তি তাকে আটক করে মোবাইল ফোন কেড়ে নেন। এরপর মুম্বাইয়ের চেম্বুর ডিটেনশন ক্যাম্পে নিয়ে চার দিন আটকে রাখেন। তার স্বজনেরা পরিচয়পত্র নিয়ে গেলেও তাকে ছেড়ে দেননি। পরে তাকে বিমানে করে আসাম সীমান্তে নিয়ে গিয়ে আরও পাঁচ-ছয়জনের সঙ্গে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। এরপর সেখান থেকে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় বেনাপোলে পৌঁছান তিনি।

শাহিদা আরও জানান, ভারতে তার ২৩ ও ১৪ বছর বয়সী দুই সন্তান রয়েছে। তিনি অবিলম্বে নিজ দেশে সন্তানদের কাছে ফিরে যেতে চান।

সোনাবাড়িয়া এলাকার গৃহবধূ আরিফা বেগম বলেন, তার স্বামী আবুল বাশার ভারত থেকে ফেরার সময় বেনাপোলে কাদা-মাটি মাখা অবস্থায় কান্নাকাটি করতে থাকা শাহিদা ফকিরকে দেখতে পান। মানবিক দিক বিবেচনা করে তিনি তাকে বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকে পাঁচ দিন ধরে আশ্রয়ে রেখেছেন। শাহিদা বর্তমানে বাড়ির পাশে আব্দুল মালেকের বাড়িতে রয়েছেন।

সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম বলেন, ভারত থেকে এক নারী এসে ভাদিয়ালি গ্রামে আশ্রয় নেওয়ার ঘটনা সত্য। তিনি বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন বলেন, বিষয়টি জানার পরপরই ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

×