ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রকে পেটানোর অভিযোগে পুলিশ হেফাজতে মাদ্রাসা শিক্ষক

ছাত্রকে পেটানোর অভিযোগে পুলিশ হেফাজতে মাদ্রাসা শিক্ষক
×

ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ১৪:০৪

গোপালগঞ্জে ক্যালকুলেটর চুরির অভিযোগে আহম্মদ মোল্লা (৭) নামে এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক এনামুল মোল্লাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে  কদমপুর হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষার্থী মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে মুকসুদপুর উপজেলার ঢালিকান্দী গ্রামের শাওন মোল্লার ছেলে এবং কদমপুর হাফেজিয়া মাদ্রাসার কায়দা বিভাগের ছাত্র।

অভিযুক্ত শিক্ষক এনামুল মোল্লা একই উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কদমপুর গ্রামের মোক্তার মোল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার (৩১ জুলাই) কদমপুর হাফেজিয়া মাদ্রাসার একটি ক্যালকুলেটর চুরি হয়। শিক্ষার্থী আহম্মদ মোল্লার বিরুদ্ধে ক্যালকুলেটর চুরির অভিযোগ আনা হলে মাদ্রাসা শিক্ষক এনামুল মোল্লা বেধড়ক পিটিয়ে ওই শিক্ষার্থীকে আহত করেন। পরে শিক্ষার্থীর পরিবারের লোকজন তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত আহম্মদের বাবা শাওন মোল্লা বলেন, মাদ্রাসার একটি ক্যালকুলেটর চুরির ঘটনায় আমার ছেলেকে নির্দয়ভাবে বেধড়ক পেটানো হয়েছে। প্রায় ১ বছর ধরে এ মাদ্রাসায় আমার ছেলে পড়াশোনা করছে কিন্তু এমন অভিযোগ কখনো আসেনি। মিথ্যা অভিযোগ দিয়ে আমার ছেলেটাকে পেটানো হয়েছে। আমি শিক্ষক এনামুলের শাস্তি চাই।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক এনামুলের ভাই আমিনুল হক বলেন, আহম্মদকে মারধর করা হয়নি। এমনিতেই পড়ে গিয়ে ব্যাথা পেয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা শিক্ষককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রেখেছি। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×