ওরসে জেনারেটরের বিল নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৫
প্রতীকি ছবি
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১৩:১৯
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হযরত শাহ রাহাত আলী (রহ.)-এর বার্ষিক ওরসে জেনারেটরের বিল পরিশোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল এমদাদ, ফরহাদ, সাইফুল ও মোবারক। এছাড়া জেনারেটর ব্যবসায়ী রেজন মিয়াও আহত হয়েছেন। আহতদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওরস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে 'ভূতের জাদু খেলা' প্রদর্শনের জন্য শ্রমিক দলের স্থানীয় নেতা মামুন মিয়া জেনারেটর ব্যবসায়ী রেজন মিয়ার কাছ থেকে বিদ্যুৎ সংযোগ নেন। পরে বিল পরিশোধ না করায় রেজন মিয়া সংযোগ বিচ্ছিন্ন করে দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
খবর পেয়ে ওরসে দায়িত্বে থাকা বাঞ্ছারামপুর মডেল থানা ও জেলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় সংঘর্ষে জড়িত একদল ব্যক্তি রামদা, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে চার পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
জেনারেটর ব্যবসায়ী রেজন মিয়া বলেন, বিল পরিশোধ না করায় তিনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে ক্ষুব্ধ হয়ে আমার উপর হামলা করা হয়। আমাকে রক্ষা করতে গেলে পুলিশ সদস্যদেরও হামলার শিকার হতে হয়।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. লিটন আব্দুল্লাহ জানান, আহত চার পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। একজনের মাথায় আঘাত এবং আরেকজন বুকে ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, জেনারেটরের বিল নিয়ে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চলছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
- বিষয় :
- সংঘর্ষে আহত
- পুলিশ
- ব্রাহ্মণবাড়িয়া