বন্দর চ্যানেলে রাতভর অভিযান, আটকে পড়া সেই জাহাজ উদ্ধার
ফাইল ছবি-সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৬:৫৪ | আপডেট: ০৪ আগস্ট ২০২৬ | ১৬:৫৮
চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া জাহাজ ‘সিএনসি ইউরেনাস’কে উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে সাতটি টাগবোট দিয়ে সমন্বিত চেষ্টার মাধ্যমে আটকে পড়া কনটেইনার জাহাজ উদ্ধার করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযানটি পরিচালনা করে। উদ্ধারের পর জাহাজটি নিরাপদে বন্দরের বহির্নোঙরের 'বি অ্যাঙ্করেজে’ নোঙর করানো হয়েছে। এতে বন্দরের কার্যক্রম ব্যাহত হয়নি। মঙ্গলবার জাহাজ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার বেলা সোয়া ২টায় ২০১৭ সালে নির্মিত মাল্টার পতাকাবাহী ১৭০ মিটার দীর্ঘ কনটেইনার জাহাজ 'এমভি সিএনসি ইউরেনাস' কর্ণফুলী নদীর চ্যানেলে আনার সময় যান্ত্রিক ত্রুটি স্টিয়ারিং বিকলতার সম্মুখীন হয়। জাহাজটি ২ নম্বর লাল বয়ার সাথে ধাক্কা খায় এবং নদী মোহনার সংলগ্ন রিটেইনিং ওয়াালের ওপর আছড়ে পড়ে। চীনের শিকৌ বন্দর থেকে আসা ৯ দশমিক ৫০ মিটার ড্রাফটের এই জাহাজটিতে ১ হাজার ২৮২ টিইইউএস (২০ ফুট লম্বা) পণ্য এবং মাস্টারসহ ২৪ জন নাবিক রয়েছেন। জাহাজটির স্থানীয় এজেন্ট এপিএল (বাংলাদেশ)।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দুর্ঘটনার জরুরি বার্তা পাওয়ার পরপরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু করে। এতে অংশ নেয় বন্দরের সিনিয়র পাইলট, বন্দর কর্তৃপক্ষের টাগবোট 'কান্ডারী-২', 'কান্ডারী-৪', 'কান্ডারী-৬' ও 'কান্ডারী-১১', বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট 'শিবসা', টানেল টাগবোট এবং বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট 'প্রমত্ত'। নেভিগেশন চ্যানেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে সরাসরি অংশ নেন। রাতভর পরিচালিত অভিযানে শেষ পর্যন্ত জাহাজটি নিরাপদে সরিয়ে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
- বিষয় :
- জাহাজ
- চট্টগ্রাম
- চট্টগ্রাম বন্দর