দৌলতপুরে দুই কিলোমিটার সড়ক সংস্কারে ৩২ কোটি টাকার প্রকল্প
ছবি- সমকাল
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ২১:৩৪
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্পনগরী খ্যাত আল্লারদর্গা বাজারের চরম জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ দুই কিলোমিটার সড়কটির সংস্কারকাজ অবশেষে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ১০টায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন। দীর্ঘদিন পর বহুল কাঙ্ক্ষিত এ সংস্কারকাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা।
কুষ্টিয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ৩২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ সম্পন্ন হবে। সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে পুরো পথ রড ও সিমেন্টের কংক্রিট (আরসিসি) দিয়ে নির্মাণ করা হবে। একই সঙ্গে পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান হিসেবে সড়কের দুই পাশে আরসিসি ড্রেন থাকবে।
সুনির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং বৃষ্টির পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আল্লারদর্গা নাসির নগর থেকে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত দেড় কিলোমিটার অংশ কার্যত মরণফাঁদে পরিণত হয়। কুষ্টিয়া-প্রাগপুর রুটের এই ব্যস্ত পথ দিয়ে প্রতিদিন ১ থেকে ২ হাজার যানবাহন এবং প্রায় ৫০ হাজার মানুষ যাতায়াত করেন।
সড়কজুড়ে তৈরি হওয়া বিশালাকার খানাখন্দের কারণে ১০ মিনিটের এই পথটুকু অতিক্রম করতে যানবাহনগুলোর সময় লাগত ৪০ থেকে ৫০ মিনিট। এতে প্রতিদিন নষ্ট হতো শত শত কর্মঘণ্টা। এ ছাড়া সড়কটির জরাজীর্ণ অবস্থার কারণে স্থানীয় মিল-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। সবচেয়ে ঝুঁকিতে পড়তে হতো জরুরি অ্যাম্বুলেন্সে আসা মুমূর্ষু রোগীদের এবং প্রতিদিন যাতায়াত করা হাজারো শিক্ষার্থীকে। সড়কের দুই পাশের অবৈধ দখল ও উচ্ছেদ না হওয়া সংকটকে আরও তীব্র করে তুলেছিল।
কুষ্টিয়া-প্রাগপুর রুটের বাসচালক রাতুল ইসলাম বলেন, ‘ভাঙা রাস্তা আর তীব্র যানজটের কারণে কেবল এই বাজারটুকু পার হতেই ঘণ্টার ওপর সময় লেগে যেত। খানাখন্দের ঝাঁকুনিতে প্রতিদিন গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে বড় আর্থিক ক্ষতি হতো। এখন আরসিসি রাস্তা নির্মাণ হলে আমরা সময়মতো ও নিরাপদে গাড়ি চালাতে পারব।’
কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম জানান, ‘পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়কটি বারবার নষ্ট হতো। আগে ইট ফেলে সাময়িক চলাচলের ব্যবস্থা করা হলেও তা স্থায়ী সমাধান ছিল না। এবার টেকসই আরসিসি রাস্তা ও সুপরিকল্পিত ড্রেন তৈরি হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, আল্লারদর্গা বাজারের সড়কটি দৌলতপুরবাসীর জন্য দীর্ঘদিনের বড় যন্ত্রণার কারণ ছিল। জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিতে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। কাজের সর্বোচ্চ মান নিশ্চিত করে দ্রুততম সময়ে নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।