ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চলাচলে দুর্ভোগ, কর্দমাক্ত রাস্তায় শুয়ে প্রতিবাদ

চলাচলে দুর্ভোগ, কর্দমাক্ত রাস্তায় শুয়ে প্রতিবাদ
×

ছবি- সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ২১:৪৮

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি সড়কে খানাখন্দ ভরা। যেখানে হেঁটে চলাও দুষ্কর। এই সড়কে যাতায়াতে চার মাস ধরে অবর্ণনীয় ভোগান্তি পোহাচ্ছেন পথচারীরা। বার বার প্রতিশ্রুতি দিয়েও জনপ্রতিনিধিরা সড়কটি মেরামত করেননি– এমন ক্ষোভ থেকে শেষ পর্যন্ত কর্দমাক্ত রাস্তায় শুয়ে ও হামাগুড়ি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন ইমন হোসেন নামে এক যুবক। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া থেকে বালিনা সড়কে এই প্রতিবাদের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি দিয়ে মহালক্ষ্মীপাড়া হয়ে বালিনা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় মাদ্রাসায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। চার মাস ধরে সড়কটির অবস্থা শোচনীয় রূপ নিয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদা ও ছোট-বড় গর্তে একাকার হয়ে পড়ে, ফলে সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

প্রতিবাদকারী যুবক ইমন হোসেন জানান, এই সড়ক দিয়ে কোনো মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এখানে যাতায়াতকারী মানুষ বড্ড অসহায়। ভোটের আগে চেয়ারম্যান-মেম্বাররা সড়কটি মেরামতের আশ্বাস দিলেও পাস করার পর আর তাদের দেখা মেলে না। তাই বাধ্য হয়ে এমন প্রতিবাদ জানিয়েছেন তিনি, যেন উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার চোখে পড়ে বিষয়টি।

বেহাল সড়ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বালিনা গ্রামের ব্যবসায়ী আউয়াল মিয়া। তিনি বলেন, ‘আমি প্রতিদিন ব্যবসায়িক কাজে এই রাস্তা দিয়ে যাতায়াত করি। এখন রাস্তার অবস্থা এতটাই খারাপ যে মানুষ দূরের কথা, গরু-ছাগল হাঁটাও কঠিন হয়ে পড়েছে। দ্রুত রাস্তাটি সংস্কারে আমরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি।’

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী গোলাপ হোসেন ভূঁইয়া জানান, সড়কটি মেরামতের জন্য ইতোমধ্যেই দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃষ্টিপাত কমে এলে কাজ শুরু হবে।

আরও পড়ুন

×