ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার
×

ম্যাপ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ২৩:০০ | আপডেট: ০৭ আগস্ট ২০২৬ | ২৩:০১

জয়পুরহাটের কালাইয়ে পুকুরে নেমে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁর ১১ বছর বয়সী ছেলে রাসেল। শুক্রবার সকাল সাড় ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামের শালুগাড়ী পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন ইটাতলা গ্রামের জপো উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শালুগাড়ী পুকুরের পানি কমাতে বাড়ি থেকে বিদ্যুতের লাইন টেনে একটি সেচপাম্প চালু করেন জামাল উদ্দিন। সারারাত পাম্প চলার পর সকালে তাঁর ছেলে রাসেল পাম্পের লাইন খুলতে পুকুরে নামে। এ সময় জামাল উদ্দিন পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিলেন। পুকুরে নামার পর ছেলে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করলে তাঁকে উদ্ধার করতে জামাল উদ্দিন পুকুরে ঝাঁপ দেন। এ সময় সেচপাম্পের ছেঁড়া-ফাটা বৈদ্যুতিক তারে জড়িয়ে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় ছেলে রাসেল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরনবী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালাই থানার কর্মকর্তা (ওসি-তদন্ত) দীপেন্দ্রনাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×