নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে আগুন: স্বামীকে দাফনের পরই চলে গেলেন দগ্ধ স্ত্রী
প্রতীকী ছবি
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ০০:১১
নারায়ণগঞ্জের বন্দরে ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ পোশাকশ্রমিক খোকন সরকার (৫৪) মারা যাওয়ার ছয় ঘণ্টার মাথায় তাঁর স্ত্রী ফজিলত বেগমেরও (৪০) মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে, সকালে স্বামী খোকন সরকারের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়।
নিহত খোকন সরকার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নম্বর গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানীকান্দি গ্রামের মরহুম আব্দুল গয়ফুরের দ্বিতীয় ছেলে। তাঁর স্ত্রী ফজিলত বেগম পাশের উজানীজোড়া গ্রামের নানু মিয়া খন্দকারের মেয়ে। এ দম্পতি নারায়ণগঞ্জের মদনপুর এলাকার জাহীন গার্মেন্টসে চাকরি করতেন। তাঁদের ইউসুফ সরকার (২০) ও খাদিজা আক্তার (১৮) নামে দুই সন্তান রয়েছে। ঘটনার সময় সন্তানরা গ্রামের বাড়িতে ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার মুরাদপুর এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে খোকন সরকার ও ফজিলত বেগম গুরুতর দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সেখানে আইসিইউতে চার দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মারা যান খোকন সরকার। বুধবার সকালে তাঁর মরদেহ গ্রামের বাড়ি উজানীকান্দিতে আনা হয়। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
স্বামীর দাফন শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজিলত বেগম। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন করুণ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে উজানীকান্দি ও উজানীজোড়া গ্রামে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জানাজা শেষে স্বামীর কবরের পাশে ফজিলত বেগমকে দাফন করার কথা রয়েছে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, ‘অগ্নিকাণ্ডে দেবিদ্বারের দুই পোশাকশ্রমিকের মৃত্যুর খবরটি অত্যন্ত মর্মান্তিক। এই কঠিন সময়ে অসহায় পরিবারটির পাশে উপজেলা প্রশাসন থাকবে। তাঁদের সরকারি আর্থিক সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
- বিষয় :
- নারায়ণগঞ্জ