নৈশপ্রহরীদের বেঁধে রেখে ২২ লাখ টাকার পণ্য লুট
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ০৮:২০
| প্রিন্ট সংস্করণ
রাজবাড়ীর পাংশায় তিন জুয়েলার্স ও এক ফার্মেসিতে ডাকাতি হয়েছে। গত রোববার গভীর রাতে উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবনগ্রাম বাজারের রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে এই ডাকাতি হয়। তারা দুজন নৈশপ্রহরীকে বেঁধে রেখে প্রায় ২২ লাখ টাকার পণ্য লুটে নেয়। এর মধ্যে স্বর্ণালংকার, রূপার অলংকার ও নগদ টাকা রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রগুলো জানায়, রোববার দিবাগত রাত ৩টার পরে মুখোশধারী ৮-১০ ডাকাত রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে ঢুকে নৈশপ্রহরী কালু ও জাকিরকে জিম্মি করে। পরে তাদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা পরপর চারটি দোকানের তালা কেটে ভেতরে ঢুকে স্বর্ণালংকার, রূপার অলংকার ও নগদ টাকা লুটে পালিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো–গ্যারান্টি জুয়েলার্স, সুস্মিতা জুয়েলার্স, লক্ষ্মী জুয়েলার্স ও রাহুল ফার্মেসি। এর মধ্যে রাহুল ফার্মেসির ক্যাশ বাক্স ভেঙে নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে ডাকাতেরা। গ্যারান্টি জুয়েলার্সের মালিক শ্যামল কুমার মজুমদার জানান, তাঁর দোকান থেকে প্রায় ছয় লাখ ৬০ হাজার টাকার স্বর্ণ ও রূপার অলংকার নিয়ে গেছে ডাকাতরা।
সুস্মিতা জুয়েলার্সের মালিক পংকজ বিশ্বাসের ভাষ্য, তাঁর দোকান থেকে দুই লাখ ১৫ হাজার টাকার মালপত্র লুট হয়েছে। লক্ষ্মী জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ বিশ্বাস জানান, ভোরে একজনের কাছ থেকে ফোনে ডাকাতির বিষয়টি জানতে পারেন। তাঁর দোকানে দেড় ভরি স্বর্ণ ও বিপুল পরিমাণ রুপা ছিল। সব মিলিয়ে প্রায় ১১ লাখ টাকার স্বর্ণ ও রুপার অলংকার লুট হয়েছে।
পাংশা থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীর হোসেন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ডাকাতিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও লুণ্ঠিত পণ্য উদ্ধারে কাজ চলছে।
- বিষয় :
- লুটপাট