ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং-বডি ভেঙে উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ

বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং-বডি ভেঙে উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ
×

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে পড়েছে। ছবি: সমকাল

​জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১২:১৪

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে পড়েছে। আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে চালক ও ট্রেন পরিচালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শত শত যাত্রী। 

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস (৭৩২ নম্বর) জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচের দিকে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।

বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক আনোয়ার হোসেন বলেন, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় ট্রেনটি থামানো সম্ভব হয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন। 

ট্রেনটি বিকল হয়ে পড়ায় পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ঘটনার পর উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) পাঠানোর জন্য পার্বতীপুর ও সান্তাহার জংশন স্টেশনে খবর দেওয়া হয়। পরে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

আনোয়ার হোসেন জানান, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করার পর পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। তবে উদ্ধারকাজ শেষ করে কখন বরেন্দ্র এক্সপ্রেস আবার চলাচল শুরু করতে পারবে এবং উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হবে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন

×