ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শিল্পকারখানার ৩০ লাখ টাকার সুতা লুট

শিল্পকারখানার ৩০ লাখ টাকার সুতা লুট
×

 গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৮:০০

| প্রিন্ট সংস্করণ

রাত তখন প্রায় ৩টা। কারখানার ভেতরে চলছিল রাতের শিফটের কাজ। হঠাৎ অস্ত্র হাতে ঢুকে পড়ে ১০-১৫ জনের এক দল ডাকাত। নিরাপত্তাকর্মীসহ পাঁচজনকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে তারা। এরপর জানালার গ্রিল কেটে ও গেটের তালা ভেঙে কারখানার বিপুল পরিমাণ সুতা নিয়ে চলে যায়।
গত শুক্রবার রাতে গাজীপুরের কাশিমপুর থানার বড় ভবানীপুর এলাকার মির্জা অ্যাপারেলস লিমিটেড নামে নিটিং কারখানায় এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা প্রায় ৩০ লাখ টাকার সুতা, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

কারখানার নিরাপত্তাকর্মীরা জানান, অস্ত্রধারী এক দল ডাকাত কারখানার সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকে। পরে জানালার গ্রিল কেটে কারখানার মূল অংশে ঢুকে পড়ে। এ সময় ডাকাত দলের কয়েকজনের হাতে অস্ত্রশস্ত্র ছিল।

কারখানার ভেতরে ঢুকেই নিরাপত্তাকর্মীসহ পাঁচজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। পরে রশি দিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে। বাধা দেওয়ার চেষ্টা করলে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের নীরব থাকতে বাধ্য করা হয়। এর পর কারখানার গেটের তালা কেটে ভেতরে থাকা বিপুল পরিমাণ সুতা বের করে নিয়ে যায় ডাকাতরা। কারখানা কর্তৃপক্ষের হিসাবে, প্রায় সাত হাজার ৩৫০ কেজি সুতা লুট হয়েছে। এর বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ছাড়া কারখানার নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং কয়েকটি স্মার্টফোনও নিয়ে গেছে ডাকাতরা।

কারখানার নিটিং বিভাগের সহকারী অপারেটর গোলাম রাব্বি বলেন, ‘আমরা কারখানার ভেতরে ছিলাম। হঠাৎ রাত ৩টার দিকে ডাকাত দল এসে আমাদের হাত-পা বেঁধে ফেলে। দেশীয় অস্ত্র ও পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে সুতা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।’
কারখানার ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক জানান, তাঁর কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে শিল্প-কারখানায় ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের 
এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

×