ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রেললাইনের পাত ভেঙে ২ ঘণ্টা বন্ধ রেল যোগাযোগ, আটকে ছিল ৬ ট্রেন

রেললাইনের পাত ভেঙে ২ ঘণ্টা বন্ধ রেল যোগাযোগ, আটকে ছিল ৬ ট্রেন
×

রেললাইনের পাত সারাতে কাজ করছেন কর্মীরা

রাজশাহী ব্যুরো ও নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২০ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪২

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের পাত ভেঙে রাজশাহীর সঙ্গে প্রায় দুই ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। এ সময় আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ছয়টি ট্রেন আটকা পড়ে। পরে জরুরি মেরামত শেষে সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশনসংলগ্ন ২২৭/০ নম্বর রেল পিলারের কাছে রেললাইন ভেঙে যাওয়ার বিষয়টি শনাক্ত করেন রেলকর্মীরা। নিয়মিত পরিদর্শনের সময় বিষয়টি নজরে এলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম ফরিদ আহমদ জানান, খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামতকাজ শুরু করেন। এ সময় রাজশাহীর সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

রেললাইন ভেঙে যাওয়ায় সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে।

ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের মিস্ত্রি মোস্তাক আহমেদ ও লায়েব উদ্দিন জানান, ভাঙা অংশ শনাক্ত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত মেরামতকাজ শুরু করা হয়। আপাতত মেরামত করা অংশ দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ মেরামত শেষে ট্রেনের গতি স্বাভাবিক হবে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, সকাল ৬টা ৪০ মিনিটে রেললাইন ভাঙার খবর পাওয়ার পর ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর আংশিক মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়। আটকে পড়া ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

আরও পড়ুন

×