চট্টগ্রাম কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২৩
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে নুরুল ইসলাম (৬৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। তিনি মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার দুপুর আড়াইটার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন নুরুল ইসলাম। তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে নুরুল ইসলামের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।