ফেনীতে বিএসএফের গুলিতে আহত মোশাররফ চমেকে ভর্তি
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৪৮
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে নিজ জমিতে চাষাবাদ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মোশাররফ (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে ছাগলনাইয়া থানার পূর্ব জয়নগর সীমান্ত এলাকায় নিজের কৃষিজমিতে কাজ করার সময় কোনো সতর্কবার্তা ছাড়াই বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে জানা গেছে। এতে মোশাররফের পিঠের বাম পাশে গুলি লাগে।
আহত মোশাররফ উপজেলার জয়নগরের পচা মিয়ার বাড়ির বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, মোশাররফ জয়নগরের পচা মিয়ার বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে। নিজের কৃষিজমিতে কাজ করার সময় হঠাৎ বিএসএফের ছোড়া গুলি এসে তার পিঠের বাম পাশে লাগে।
তিনি জানান, চিকিৎসকরা তার শরীর থেকে গুলির একটি অংশ বের করেছেন। শরীরের ভেতরে আরও গুলির অংশ রয়েছে বলেও চিকিৎসকরা জানিয়েছেন।
- বিষয় :
- চমেক হাসপাতাল
- আহত