মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু, স্বামী আহত
প্রতীকী ছবি
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:২০
ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে জুলেখা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাঁর স্বামী আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বইলর ইউনিয়নের কানহর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জুলেখা খাতুন ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকার বাসিন্দা ফারুক আহমেদের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই মো. শাহিন।
জানা গেছে, জুলেখা খাতুন ও ফারুক আহমেদ মোটরসাইকেলে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বইলর-কানহর নামক স্থানে পৌঁছালে অসাবধানতাবশত জুলেখার গলায় থাকা ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক ফারুক আহমেদও আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ত্রিশাল থানার এএসআই আকরাম হোসেন জানান, স্থানীয়দের হস্তক্ষেপে দ্রুত নিহত নারীর লাশ ও আহত স্বামীকে উদ্ধার করে ময়মনসিংহে নিয়ে যান স্বজনরা।
- বিষয় :
- ময়মনসিংহ
- সড়ক দুর্ঘটনা
- নিহত