ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সার, বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে সমাবেশ

সার, বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে সমাবেশ
×

গুরায় মানববন্ধন ও সমাবেশ

মাগুরা ও ‎শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:৩০

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সার ও গ্যাস সরবরাহের দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ঐক্য জোট। গতকাল শনিবার শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালন করে ঐক্য জোট জেলা শাখা।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মাগুরা শাখার সভাপিত কাজী নজরুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি এটি এম মহব্বত আলী, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এটি এম আনিসুজ্জামান, জেলা গণকমিটির আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু।

সমাবেশে বক্তারা বলেন, সব ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়ে অবিলম্বে সরকারকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি, সার, গ্যাসসহ সব ধরনের পণ্যের দাম কমাতে হবে। এখন মাঠে মাঠে আমন মৌসুম চলছে, কৃষকের সারের প্রয়োজন। কৃষকরা প্রয়োজনমতো সার পাচ্ছেন না। এক হাজার ২০০ টাকার সার দুই হাজার ২০০ টাকায় কালোবাজারে তাদের কিনতে হচ্ছে।

তারা আরও বলেন, সার নিয়ে চলছে সিন্ডিকেট। বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। সেখানে কৃষকদের কথা কেউ চিন্তা করছে না। তাই সরকারের প্রতি আহ্বান, অচিরেই কৃষকদের সার, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ বাড়াতে হবে। সরকারকে দেশের কৃষকসহ সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে।

শৈলকুপায় সার না পেয়ে সড়ক অবরোধ
‎শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ‎ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সার না পেয়ে সড়ক অবরোধ করেছেন কৃষকরা। গতকাল শনিবার সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজারে কৃষকরা এ অবরোধ করেন।

স্থানীয় লোকজন জানায়, গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার শুভ এন্টারপ্রাইজে সার নিতে আসেন কৃষকরা। তিনি সার দিতে অস্বীকৃতি জানালে কৃষকরা গাড়াগঞ্জ-শৈলকুপা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। ‎কৃষক তসলিম হোসেন জনান, তিনিসহ আশপাশের গ্রামের দুই থেকে তিনশ কৃষক উমেদপুর ইউনিয়নের সার ডিলার শুভ এন্টারপ্রাইজে সার নিতে আসেন। ডিলার সার দিতে অস্বীকার করেন। পরে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেন। এর পরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সমাধান করেন। এরপর অবরোধ তুলে নেন কৃষকরা।



সার না দেওয়ার কারণ জানতে চাইলে শুভ এন্টারপ্রাইজের মালিক আয়ুব জোয়ার্দার বলেন, ছুটির দিন হওয়ায় কৃষি কর্মকর্তা না থাকায় তারা সার দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর চাষিরা উত্তেজিত হলে প্রাশাসনের সহযোগিতায় সার দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিসার আরিফুজ্জামান বলেন, সার নিয়ে ডিলারের গাফিলতির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×