ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ঝুঁকিপূর্ণ সড়কে লাল নিশান

ঝুঁকিপূর্ণ সড়কে লাল নিশান
×

তাহিরপুর সদরে লাল নিশান টানিয়ে ঝুঁকিপূর্ণ সড়ক চিহ্নিত সমকাল

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৬

| প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ থেকে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় পর্যন্ত চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটিতে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে ও জনসাধারণের মধ্যে সতর্কতা বাড়াতে ওই সড়কে লাল নিশান টানিয়ে দিয়েছে স্থানীয় অটোচালক সমিতি।
উপজেলা সদরসংলগ্ন এ সড়ক দিয়ে প্রতিদিন তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী চলাচল করে। এছাড়া টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী গাড়ি যাতায়াত এবং তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ঘাট থেকে হাউসবোটে পর্যটকরা হাওর ভ্রমণে যান।
উপজেলা পরিষদ থেকে প্রায় ১০০ মিটার পশ্চিমের পাকা সড়কে বিশাল গর্ত তৈরি হওয়ায় বর্তমানে বড় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ঝুঁকি নিয়ে কেবল হেঁটে ও অটোরিকশায় যাতায়াত করছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

অটোরিকশাচালক ফারুক মিয়া বলেন, ‘রাস্তায় বড় গর্ত থাকায় বড় গাড়ি চলাচল করতে পারে না। দুর্ঘটনা এড়াতে আমাদের খুব সাবধানে অটোরিকশা চালাতে হয়। স্থানীয় যুবক আবুল হাসানের সহযোগিতায় এবং ১৫টি মাটিভর্তি বস্তা দিয়ে রাস্তাটির ক্ষুদ্র মেরামত ও সতর্কতার জন্য লাল নিশান টানানো হয়েছে।’
তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আহমদ তৌফিক জানান, প্রতিদিন বাজারে আসা-যাওয়ার পথে এ রাস্তাটি ব্যবহার করতে হয়। গর্তের কারণে সাধারণ মানুষের পাশাপাশি উপজেলা প্রশাসনের গাড়ি চলাচলও বন্ধ রয়েছে। তিনি দ্রুত রাস্তাটি মেরামতের জোরালো দাবি জানান।

রাস্তায় চলাচলকারী গোবিন্দশ্রী গ্রামের লুৎফুর রহমান লাকসাব বলেন, রাতের বেলায় আতঙ্ক নিয়ে এ রাস্তা পার হতে হয়। কখন জানি বড় কোনো দুর্ঘটনা ঘটে যায়।
ভাটি তাহিরপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক আতিকুর রহমান জানান, রাস্তাটি মেরামতের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে এর সংস্কারকাজ শুরু হবে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তাহিরপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ-তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় সড়কের এই অংশটি মেরামতের বিষয়ে উপজেলা পরিষদের মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে দ্রুত সময়ের মধ্যে কাজটি বাস্তবায়ন করা হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক জানান, সড়কটি দ্রুত মেরামত ও সংস্কারের জন্য উপজেলা সমন্বয় সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং দ্রুত কাজ শুরু করার জন্য উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×