চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৩৪
বিপুল পরিমাণ মাদক উদ্ধার
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১৭ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩০
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে বিভিন্ন অপরাধে ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার পুলিশের চট্টগ্রাম রেঞ্জ জানিয়েছে, বিভাগের ১১টি জেলায় ২৪ ঘণ্টাব্যাপী পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৪৪ জনকে। তাদের মধ্যে ৬৭ জন মাদক কারবারি, ৮ জন মাদক বহনকারী এবং ১৬৯ জন মাদকসেবী রয়েছেন। এ ছাড়া নিয়মিত মামলায় ১১৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৮ জন, পরোয়ানামূলে ১১৪ জন এবং সাজা পরোয়ানামূলে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৩ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে ৯ হাজার ১০২ পিস ইয়াবা, ৩২৮ লিটার চোলাই মদ, ২০ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১৩ বোতল কিংফিশার বিয়ার, দুই বোতল স্কাফ সিরাপ, ৫৯৬ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ছয় বোতল হুইস্কি ও ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক আইনে ৫৫টি মামলা করা হয়েছে।