ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জামিনে বেরিয়ে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা, আহত ৩

জামিনে বেরিয়ে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা, আহত ৩
×

প্রতীকী ছবি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০০:৩২

ফরিদপুরের আলফাডাঙ্গায় হত্যা মামলায় জামিনে বেরিয়ে আসা আসামিদের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষে রবিউল শেখ ওরফে পাইচো (৫৫) নামে এক চা দোকানি নিহত হয়েছেন। শনিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে হৃদয় শেখ (১৯) ও মুক্তার বিশ্বাসকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রবিউল শেখ বড়ভাগ গ্রামের আব্দুস ছত্তার শেখের ছেলে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড়ভাগ গ্রামে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়দের অভিযোগ, সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে মো. হোসাইন শেখের নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় হোসাইনসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় হত্যা মামলা হয়। মামলার কয়েকজন আসামি পরে আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন।

স্থানীয়রা জানান, শনিবার রাতে কাশিয়ানী বাজার থেকে বাড়ি ফিরছিলেন সুমন শেখের পক্ষের রবিউল শেখ, হৃদয় শেখ, মুক্তার বিশ্বাস ও লিটন খান। তাঁরা মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা হোসাইন গ্রুপের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে রবিউল ঘটনাস্থলেই নিহত হন। আহত তিনজনকে প্রথমে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে হৃদয় ও মুক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আলফাডাঙ্গা থানার ওসি সোহেল সরোয়ার বলেন, রবিউল শেখ খুন হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিছুদিন আগে সুমন শেখ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই মামলার কয়েকজন আসামি জামিনে বেরিয়ে এসেছেন। তাঁদের মধ্যে কেউ এ ঘটনায় জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

×