চট্টগ্রামে ৬৩ বিদেশির পাসপোর্ট জমা রাখা সেই মহসিন গ্রেপ্তার
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০০:০৮
চট্টগ্রামে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের ৬৩ বিদেশি নাগরিকের পাসপোর্ট জমা রাখা মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরের খুলশী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে ৬৩ বিদেশির বিরুদ্ধে করা সাইবার সুরক্ষা আইনের মামলায় নয়, কোকেন উদ্ধারের মামলায় মহসিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সাইবার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসিনের সম্পর্ক রয়েছে। তিনি তাঁদের জন্য একটি আটতলা ভবন ভাড়া করে দিয়েছিলেন। কয়েক দিন আগে মহসিন কুরিয়ারের মাধ্যমে ১১৮ গ্রাম কোকেন ঢাকায় এক ব্যক্তির কাছে পাঠান। পরে কোকেনগুলো ফেরত আসে। এ ঘটনায় তথ্য খুঁজতে গিয়ে ৬৩ বিদেশি নাগরিকের অবস্থান সম্পর্কে জানতে পারে পুলিশ।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের জালালাবাদ আবাসিক এলাকার ওই আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ), খুলশী থানা-পুলিশসহ আটটি সংস্থা। তাঁদের মধ্যে লাওসের ৩৫, পাকিস্তানের ২১, চীনের ৫, নেপালের ১ ও ভিয়েতনামের ১ জন নাগরিক রয়েছেন। এ সময় ল্যাপটপ ও মুঠোফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে খুলশী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছে। শুক্রবার ৬৩ বিদেশিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই বিদেশি নাগরিকরা প্রায় দেড় মাস ধরে চট্টগ্রামের ১৪টি ফ্ল্যাটে ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। একটি ভবনে সার্ভার, কম্পিউটার, ল্যাপটপসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম স্থাপন করে অনলাইন প্রতারণার নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল। এতে তাঁদের সহযোগিতা করছিল একটি দেশীয় চক্র।
মহসিনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি নগরের কর্ণফুলী এলাকায় একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে কর্মরত।