বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে ফেরেনি অপ্রতিম, খুঁজছে পরিবার
অপ্রতিম
কুবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৩ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম (১৩) বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর তার আর সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।
অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। মোবাইল ফোনের অবস্থানও শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পরিবার।
ওই সময় অপ্রতিমের পরনে পাঞ্জাবি ছিল। তার উচ্চতা প্রায় ৫ ফুট এবং গায়ের রং শ্যামলা।
অপ্রতিমের মা ড. নাহিদা বেগম বলেন, ‘আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি।’
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে অপ্রতিমকে এক যুবকের সঙ্গে দেখা গেছে। এ বিষয়ে তদন্ত চলছে।’
অপ্রতিমের সন্ধান পেলে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার (০১৭১৯-৬২৫৬৯০) অথবা মা ড. নাহিদা বেগমের (০১৯৭৪-৮৮৮৬৬৫) নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
- বিষয় :
- কুমিল্লা
- শিক্ষার্থী
- নিখোঁজ