নড়াইলে বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়
ছবি- সমকাল
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২৩:১০
নড়াইলে ১২তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা ফাতিন আহমেদ মিছিল।
মঙ্গলবার লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে দিনব্যাপী এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। বিএফএফ-সমকালের যৌথ উদ্যোগে এবং সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমকালের লোহাগড়া প্রতিনিধি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুহৃদ সদস্য ও সহকারী অধ্যাপক শেখ শরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস।
বিচারক ছিলেন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহামুদুল হাসান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক বিএম হোসেন আলী ও জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুনীতি কুমার পাল।
প্রতিযোগিতায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, আবু বক্কার সিদ্দিকী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় চালিতাতলা, কাশিপুর অম্বিকা চরণ মাধ্যমিক বিদ্যালয়, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় ও এমকে মিতালী মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।
প্রধান অতিথি বলেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক যুক্তি ও চিন্তাশক্তি বিকাশে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান, পরিবেশ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল-কুফল সম্পর্কে জানতে হবে এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বিতর্ক উৎসব
- সমকাল