ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

আশুলিয়া থেকে অপহৃত শিশু ভালুকায় উদ্ধার

আশুলিয়া থেকে অপহৃত শিশু ভালুকায় উদ্ধার
×

ছবি- সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ২৩:২৩

ঢাকার সাভারের আশুলিয়া থেকে অপহরণের তিন দিন পর শিশু সাইমকে (৮) ময়মনসিংহের ভালুকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত মো. নাদিম ওরফে হৃদয় ও তাঁর দ্বিতীয় স্ত্রী আসমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম।

আজ সকালে ময়মনসিংহের ভালুকা থানার মনোহরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃত শিশু সাইমকে উদ্ধার করে আশুলিয়া থানার পুলিশ। গ্রেপ্তারকৃত মো. নাদিম ময়মনসিংহের গফরগাঁও থানার নেওকা গ্রামের মৃত গফুর মৃধার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর সকালে আশুলিয়ার পলাশবাড়ী পশ্চিম পাড়া গোচারটেক এলাকায় অবস্থিত আলহাজ আব্দুর রশিদ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে প্লে শ্রেণির ছাত্র সাইম নিখোঁজ হয়। পরে অপহরণকারীরা শিশুটিকে জিম্মি করে রেখে তার পরিবারের কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় অপহৃত শিশুর বাবা নাছির উদ্দিন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের এক পর্যায়ে আজ সকালে ময়মনসিংহের ভালুকার মনোহরপুর এলাকা থেকে নাদিম ও তাঁর স্ত্রী আসমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশু সাইমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষ করে উদ্ধারকৃত শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×